শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বর্ণিল আয়োজনে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিবগঞ্জ বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রাতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন সংগঠন আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ করছে।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে বাংলা নতুন বছর বরণ করতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাবের নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। তাদের আয়োজনে ছিলো বাঙালি জাতির ঐতিহ্য পহেলা বৈশাখের পান্তাভোজ, বর্ণাঢ্য র্যালী। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, ছাত্রদল সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন প্রমূখ।





