নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩রা মার্চ) দুপুর ১২টায় উপজেলার নন্দীগ্রাম নতুন বাজার হাটবারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে শফিকুল ইসলাম (৪৯) নামের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানের সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের সঙ্গীয় ফোর্স সহ নন্দীগ্রাম খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার।

অভিযানকালে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
বাজার করতে আসা ক্রেতাগণ অভিযান পরিচালনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।





