নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা বগুড়ার গাবতলী উপজেলার কাগইল এলাকায় প্রস্তাবিত ২০ শয্যার হাসপাতালের স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর।

এসময় উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পরিদর্শন শেষে তারা হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
এটি গাবতলীর ১০টি ইউনিয়নের সাধারণ জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত হাসপাতালটি দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান জানান, ‘‘এই হাসপাতালটি এলাকার মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম শুরু হবে এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে।’’
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সঞ্চালনা করেন।

উল্লেখ্য, এটি তারেক রহমানের প্রস্তাবিত একটি প্রকল্প, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই হাসপাতালটি গাবতলী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।





