নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শরীফুল ইসলাম জিন্নাহ বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা কারাগার থেকে জানাগেছে, সাবেক এই সাংসদ আটক থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত বুধবার (২২ জুলাই) উন্নত চিকিৎসার জন্য জেলা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

জানাগেছে, শরীফুল ইসলাম জিন্নাহকে এ বছরের ২৭ মার্চ রাজধানীর ঢাকার রমনা এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাও রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
শরীফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি। গ্রেপ্তারের পর থেকে তিনি আদালতের নির্দেশে বগুড়া জেলা কারাগারে আটক ছিলেন।

বগুড়া জেল সুপার মোঃ আসাদুর রহমান জানান, গত দুইদিন আগে এমপি জিন্নাহ অসুস্থ্যতার কথা বললে তাকে তাৎক্ষনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানকার চিকিৎসক ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে গতকাল বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে নেয়া হয়।
জেল সুপার আরও জানান, শরীফুল ইসলাম জিন্নাহ এরআগে বাইপাস সার্জারি করেছেন এবং বয়স্ক জনিত কারণে তার নানা সমস্যা রয়েছে।





