অনলাইন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে থাকা একদিনের কর্মদিবস ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিন অফিস খোলা থাকার কথা। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এ অবস্থায় ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মোঃ মোস্তফা জামান বলেন, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এর বিনিময়ে পরবর্তী কোনো শনিবারে অফিস খোলা রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এ বিষয়ে একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন হলে ২২ অক্টোবর একদিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
তবে মন্ত্রিসভার অনুমোদন ও প্রজ্ঞাপন জারির আগে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটির বিষয়টি চূড়ান্ত নয়। প্রস্তাব অনুমোদিত হলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন। সূত্রঃ সমকাল।





