বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বগুড়ায় এসেছেন তারেক রহমান। সরকারী এ সফরে এসে উদ্বোধন করেছেন বগুড়া সিটি করপোরেশনসহ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প।
সোমবার (২০, এপ্রিল) ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ১১টা দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন বগুড়ায়।
জেলা বিএনপির তথ্য মতে, বগুড়ায় বিএনপি আয়োজিত এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এরপর এক এক করে বগুড়ার কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ফলক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর সফরের তথ্যানুসারে, সকাল ৬টার দিকে নিজ বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার সার্কিট হাউসে পৌছান। তিনি প্রথমে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন ও একই সাথে বিচারিক সেবা ডিজিটাল ব্যবস্থাপনায় যুক্ত করতে “ই-বেইলবন্ড” কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি পৌরসভায় নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন।
এরপর তিনি শহীদ জিয়াউর রহমানের পৈতৃক নিবাস গাবতলী উপজেলার বাগবাড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন। এরপর শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন। গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের চৌকিরদহ খাল খনন কর্মসূচি শেষে শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি “জিয়া বাড়ি” পরিদর্শন করেন। সেখান থেকে বিকালে বগুড়া শহরে ফিরে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। এর আগে বগুড়া প্রেস ক্লাবের নবনির্মিত ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদ পুনঃনির্মান কাজের উদ্বোধন করেন।





