বগুড়ার নন্দীগ্রামে হামলার শিকার বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রধান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনাকে কেন্দ্র করে নির্বাচনী প্রাক্কালে হামলার শিকার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ওরফে মাছুদ রানাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের লোকজন ভোট কেনার চেষ্টা করলে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ (মাছুদ রানা) সাহসিকতার সাথে বাঁধা দেন। এর জেরে তার নিজ বাড়িতে হামলা চালিয়ে তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং তার বসতবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় তার একটি চোখ চিরতরে নষ্ট হয়ে যায়। এই হৃদয়বিদারক ঘটনা সহ্য করতে না পেরে তার মা স্ট্রোক করে ইন্তেকাল করেন।

বর্তমানে চিকিৎসাধীন এই বিএনপি নেতাকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মানবিক দিক বিবেচনায় এই সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং অ্যাসাইনমেন্ট অফিসার-২ এস এম পারভেজসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন।

মঙ্গলবার (৩১ মার্চ) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই ধন্যবাদ জানান। পোস্টে তিনি এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

হামলার শিকার বিএনপি নেতা মাছুদ রানা বর্তমানে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন রয়েছেন।