বগুড়ার শিবগঞ্জে নকল সিগারেটসহ ৩ জন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় বিশেষ অভিযানে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প, বিপুল পরিমাণ নকল সিগারেট ও সিগারেট তৈরীর উপকরণ জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা। এসময় ওই কারখানায় উপস্থিত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত নকল রাজস্ব স্ট্যাম্পের আনুমানিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা সবাই নিলফামারীর সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া গ্রামে মোঃ মাহবুব রহমানের ছেলে মোঃ সজিব ইসলাম (২০), মোঃ রশিদুল ইসলামের ছেলে মোঃ রাকিব ইসলাম (২২) ও নজরুল ইসলামের ছেলে কামরুজ্জামান (২২)।

মঙ্গলবার (৩১ মার্চ) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে এ অভিযান করা হয়। ওই গ্রামের জনৈক প্রবাসী আনোয়ার হোসেনের একটি বাড়ি ভাড়া নিয়ে ওই অসাধু ব্যবসায়ি একটি অস্থায়ী কারখানায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নকল ডার্বি এবং স্টার সিগারেট তৈরী করেছে। এ ঘটনায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে কর্মরত অসিত কুমার ঘোষ (৬৩) বাদী হয়ে মামলা করেন।

জানাগেছে, কারখানা থেকে নকল রাজস্ব স্ট্যাম ৭৩ হাজার যার রাজস্ব মূল্য অনুমান ৬৪ লাখ ৫০ হাজার) টাকা, আমেরিকান টোব্যাকো কোম্পানির নকল ডার্বি সিগারেট ৩২০ প্যাকেট প্রতি প্যাকেটে ১০টি শলাকা করে সর্বমোট ৩ হাজার ২শ শলাকা, একটি কার্টুনের মধ্যে প্যাকেট বিহীন খোলা অবস্থায় স্টার সিগারেট ১০ হাজার শলাকা, স্টার সিগারেটের তৈরীকৃত খালি প্যাকেট ৪ হাজার পিস এবং সিগারেটের প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত পলিথিনের রোল।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবত সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি করে আসছিল। আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (এ) তৎসহ ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ১৩ ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।