নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ও দল থেকে বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ঢাকা মিরপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে বগুড়ায় এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. মেহেদী হাসান তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাটি করেছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল। এজাহারে অভিযোগ করা হয়, তানভীর তার ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

জানা গেছে, সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে দেওয়া ওই পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তানভীর পরে সেটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। এর জেরে এনসিপি প্রথমে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় গাজী সালাউদ্দিন তানভীর বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





