নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম শেরপুর থানায় চারজনের নাম উল্লেখ করে মোট আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে (২২) সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং আগামী এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
সোমবার (৩ আগস্ট) বিকালে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জামিল শেখ দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, এ সময় একই এলাকার বাসিন্দা ও একটি চাতালের ব্যবস্থাপক শাকিল আহমেদ ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর হামলা চালান। কিল-ঘুষি ও লাথির আঘাতে জামিল মাঠে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের বাবা শাকিলসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





