নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় বগুড়া সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

ওসি ইব্রাহীম আলী জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট দেখতে পান। এজাহারে অভিযোগ করা হয়, ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনার মুখে একপর্যায়ে পোস্টটি মুছে ফেলা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি দলের একাধিক নেতা-কর্মীর নজরে এলে তাদের সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীর বলেন, একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর সেটিকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিকভাবে বিষয়টি ব্যবহার শুরু করে। পরে তিনি পোস্টটি মুছে ফেলেন। এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দলের নির্দেশনা অনুযায়ী লিখিত জবাব জমা দিয়েছেন বলেও জানান।
তিনি আরও বলেন, এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চলমান অভিযোগের তদন্তকে কেন্দ্র করে এনসিপি তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল। পরবর্তীতে তিনি পুনরায় দলে ফিরে আসেন বলে দাবি করেন।





