নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা-মাজগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর মনোনীত হয়েছেন।
গত ৭ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান স্বাক্ষরিত এক পত্রে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।

বেলায়েত হোসেন আদর দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি সাবেক ছাত্রনেতা, দুইবারের নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর এবং বর্তমানে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য তিনি এলাকায় পরিচিত।
নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর বলেন, “নিমাইদিঘী আদর্শ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা এবং বগুড়া-৪ আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মোশারফ হোসেনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে নিমাইদিঘী আদর্শ কলেজ শিক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে আরও সমৃদ্ধ হবে এবং এলাকায় মানসম্মত শিক্ষার পরিবেশ সুদৃঢ় হবে।





