নিজস্ব প্রতিবেদকঃ শ্রাবণের আকাশ মানেই যেন মেঘের সঙ্গে রোদের এক অন্তহীন লুকোচুরি। কখনো ঘন কালো মেঘে ঢেকে যায় চারপাশ, আবার মুহূর্তেই সেই মেঘের ফাঁক গলে নেমে আসে রোদের কোমল আলো। এমন দৃশ্যের ভেতর দাঁড়িয়ে হঠাৎ মনে হয়- এ কি সত্যিই শ্রাবণ, নাকি আগেভাগেই এসে পড়েছে শরৎ?
বগুড়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই অনুভূতিটাই আরও গভীর হয়ে ওঠে। মাথার ওপর বিস্তৃত আকাশ যেন ক্রমেই আরও অসীমের দিকে মিশে যেতে থাকে। মেঘের ভেলা কখনো ধীর, কখনো দ্রুত ছুটে বেড়ায়। সাদা-ধূসর মেঘের স্তরে স্তরে তৈরি হয় প্রকৃতির নিজস্ব এক ক্যানভাস। এমন অপার সৌন্দর্য বছরের অন্য সময়ে খুব কমই ধরা দেয়।

কিন্তু প্রকৃতির রূপেরও যেন নিজস্ব খেয়াল আছে। কিছুক্ষণ আগেও যে আকাশ ছিল মোহময়, মুহূর্তের ব্যবধানে তার সেই রূপ কোথায় যেন মিলিয়ে গেল। আবার ঘনিয়ে এল মেঘ, থেমে থেমে নেমে এলো বৃষ্টি। রেললাইনের লোহার পাত, প্ল্যাটফর্মের ইট-পাথর আর দূরে দাঁড়িয়ে থাকা গাছপালায় বৃষ্টির ফোঁটা তৈরি করল এক স্নিগ্ধ আবহ।
স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা কেউ ছাউনির নিচে আশ্রয় নিলেন, কেউ আবার মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন আকাশের দিকে। তাদের অপেক্ষার সঙ্গে যেন মিশে গেল বৃষ্টির ছন্দ, ট্রেনের হুইসেল আর ভেজা বাতাসের মাটির গন্ধ। ব্যস্ত রেলস্টেশনও তখন কিছুটা শান্ত, কিছুটা কাব্যিক।

শ্রাবণের এই বৈচিত্র্যই প্রকৃতির সবচেয়ে বড় বিস্ময়। কখনো বর্ষার উদ্দামতা, কখনো শরতের নির্মলতার আভাস- দুই ঋতুর অনুভূতি যেন একই আকাশে মিলেমিশে একাকার হয়ে যায়। সেই ক্ষণিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করা গেলেও, তার অনুভূতি রয়ে যায় হৃদয়ের গভীরে।
বগুড়া রেলস্টেশন থেকে তোলা এই ছবিটি তাই শুধু একটি দৃশ্য নয়; এটি ঋতুর বদলে যাওয়া রঙ, প্রকৃতির অনিশ্চিত সৌন্দর্য এবং শ্রাবণের আকাশে শরতের আগমনী বার্তার এক অনন্য দলিল।





