বগুড়ায় মাদ্রাসার সহ-সুপারকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শাজাহানপুরে ঘাষিড়া এ.ইউ দাখিল মাদ্রাসার সহ-সুপার মহসিন আলীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মহসিন আলীর ওপর হামলা চালানো হয়। স্থানীয় ইয়াকুব আলী সুজন, কাশেমসহ কয়েকজন তাকে হাতুড়ি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে মহসিন আলী গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায় বলে স্বজনরা জানান।

এ ছাড়া আহত মহসিন আলীকে তার নিজ বাড়িতে আটকে রাখারও অভিযোগ করেন স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইয়াকুব আলী সুজনসহ অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বাড়িঘর ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা মহসিন আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। এরপর তারা ক্লাসে ফিরে যান।

এ ঘটনায় মহসিন আলীর পক্ষ থেকে গত ২৬ সেপ্টেম্বর শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।