নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরীর সর্বশেষ প্রস্তুতি সভা অ নুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী রোডে নগর জামায়াত কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটি, বগুড়া জেলা ও মহানগরীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ, এনসিপি নেতা অ্যাডভোকেট মুহা. ইজাজ আল ওয়াসী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বগুড়া জেলা সভাপতি মো. মাহফুজুল হক, সাধারণ সম্পাদক শাফিকুর রহমান শফি, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়ার সেক্রেটারি মুফতি মাওলানা মামুন রহমানী, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হালিম বেগসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চে বগুড়ার সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।
আ স ম আব্দুল মালেক জানান, ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বগুড়ার মাটিডালী বিমানমোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মামুনুল হক এবং এলডিপি সভাপতি ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের।
তিনি আরও বলেন, বগুড়ার পথসভায় দলীয় নেতাকর্মীসহ দেড় লাখের বেশি মানুষের অংশগ্রহণ হবে বলে তারা আশা করছেন।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চে পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা এবং রংপুরে সমাবেশের কর্মসূচি রয়েছে।





