বগুড় প্রতিনিধি: আদালতকে মানুষের আস্থা ও ন্যায়ের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না।
আজ সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের শাসনামলে বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। তার মতে, আইনের শাসনকে শক্তিশালী করতে বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।
তিনি আরও বলেন, আদালতকে মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে এবং বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে হয়রানি কমবে। এ সময় তিনি ই-বেইলবন্ড কার্যক্রমের মাধ্যমে জামিন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা আসবে বলেও আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বগুড়া কোর্ট ভবন নির্মাণ ও লাইব্রেরি উন্নয়নের জন্য মোট ২০ লাখ টাকা সরকারি সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





