বগুড়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৬ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামা অসঙ্গতি, শিক্ষাসনদ, দলীয় মনোনয়ন ও তথ্য গরমিল থাকায় ১২ জনের প্রার্থীতা বাতিলসহ মৃত্যুর কারণে একটি মনোনয়ন স্থগিত হয়।
বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বৈধ প্রার্থী ৫, বাতিল ২, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বৈধ ৩, বাতিল ৪, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বৈধ ৪, বাতিল ১, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করা ৫ জন প্রার্থীই বৈধ। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বৈধ ৪, বাতিল ১, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বৈধ প্রার্থী ২জন, বাতিল ৩, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বৈধ ৩, বাতিল হয় ১জন। মৃত্যুর কারণে খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত হয়। আসন্ন নির্বাচনে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির পক্ষের তিনজন প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছেন দুজন। তবে বগুড়ার কোনো সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী দিতে পারেনি।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে মনোনয়নপত্র দাখিল করা সাত প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো: শাহাবুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক এবং গণফোরামের জুলফিকার আলী।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশার মনোনয়ন বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় ভোটারদের স্বাক্ষর ও তথ্যে গড়মিল পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু এবং গণঅধিকার পরিষদের সেলিম সরকার। এ আসনে বৈধ প্রার্থিতা পেয়েছেন বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ।
বগুড়া-৪: (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচজন প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপির মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল পারভেজ, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো: শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী।
বগুড়া-৫ (ধুনট – শেরপুর) আসনে পাঁচ প্রার্থীর মধ্যে এলডিপির খান কুদরত ই সাকলায়েনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর দবিবুর রহমান, সিপিবির শিপন কুমার রবিদাস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মাহমুদুর রহমান।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন বাসদের দিলরুবা, জেএসডি আব্দুল্লা আল ওয়াকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো: মামুনুর রশিদ।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পাঁচ প্রার্থীর মধ্যে বাংলাদেশ মুসলিম লীগের আনসার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মৃত্যুবরণ করায় বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। এ আসনের বৈধ তিন প্রার্থী হলেন বিএনপির মোরশেদ মিল্টন, জামায়াতে ইসলামীর গোলাম রাব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।
শুক্রবার ও শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের কর্মকর্তা, সরকারি দপ্তর ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





