বগুড়া প্রতিনিধি: দীর্ঘ ১৯ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি (রবিবার) নির্বাসিত জীবন শেষে ঢাকার বাইরে প্রথম সফর হিসেবে বগুড়ায় পৌঁছাবেন তিনি।

বগুড়ায় এসে রাতযাপন শেষে ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে দলীয় চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তারেক রহমান। গণদোয়া শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি জানান, গণদোয়ায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। তবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় কোনো ধরনের গণসংবর্ধনার আয়োজন থাকছে না।

তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। শহর থেকে শুরু করে থানা-উপজেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় দিন গুনছেন সবাই।
এ উপলক্ষে বগুড়া শহরে চলছে পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম। সংস্কার করা হয়েছে সড়ক, সাজানো হয়েছে জেলা বিএনপির কার্যালয়। নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের ঠিক মাঝখানে অবস্থিত তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষটি নতুন করে সাজানো হয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত ওই কক্ষে নতুন রং, টাইলস, সিলিং ও ডেকোরেশনের কাজ সম্পন্ন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত ইন্টেরিয়র ইঞ্জিনিয়ার সৈকতের তত্ত্বাবধানে কক্ষে স্থাপন করা হয়েছে বড় টেবিল, একাধিক চেয়ার ও দুটি বইয়ের শেলফ। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নির্দেশে তদারকি করেছেন এমআর ইসলাম স্বাধীন ও শেখ তাহা উদ্দিন নাইনসহ দলের শীর্ষ নেতারা।
জেলা বিএনপির কার্যালয়ে প্রতিদিন শতশত নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নেতারা বলছেন, প্রিয় নেতার আগমনের খবরে পুরো শহর যেন সাজসাজ রব তুলেছে।
এদিকে বগুড়া পৌরসভার উদ্যোগে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা শাকপালা মোড় পার্কের সংস্কার কাজও শুরু হয়েছে। গত ৩০ নভেম্বর থেকে চলমান এ সংস্কার কাজ শেষ হলে পার্কটি নতুন রূপে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শহরের রিয়াজ কাজী লেনে অবস্থিত ঐতিহাসিক ‘গ্রিন এস্টেট’ বাড়িটিও নতুন করে সাজানো হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ বাড়িটি ২০০০ সালে সংস্কার করে ‘গ্রিন এস্টেট’ নামকরণ করেন তারেক রহমান। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি এখানে অবস্থান করতেন। এবারও নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে এখানে অবস্থান করতে পারেন বলে ধারণা করছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ২০০১ সালে গাবতলী থেকেই বিএনপির প্রাথমিক সদস্য নির্বাচিত হন।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ১৯ বছর ১৮ দিনের দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতা তারেক রহমান বগুড়ায় আসছেন। এটি বগুড়াবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
এদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি তারেক রহমান মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী (র.) এর মাজার শরিফ জিয়ারত করবেন।





