বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫-২৬ টুর্নামেন্টের বগুড়া ভেন্যুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি’র ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন, বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং বয়সভিত্তিক দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। এছাড়া বাংলাদেশ ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিসিবির উদ্যোগে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেটারদের সমন্বয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। রাজশাহী বিভাগের দুটি ভেন্যু — বগুড়া ও রাজশাহীতে টুর্নামেন্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া ভেন্যুতে অংশ নিচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাট জেলা দল। অন্যদিকে, রাজশাহী বিভাগের অবশিষ্ট চারটি দল খেলছে রাজশাহী ভেন্যুতে।
তবে আগের রাতে মুষলধারে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব ঘটে। নির্ধারিত সময়ের অনেক পরে, দুপুর ১টা ৪৫ মিনিটে (পৌনে ২টা) ম্যাচটি শুরু হয়। টসে জিতে রাজশাহী জেলা দল চাঁপাইনবাবগঞ্জকে ব্যাট করতে পাঠায়।
টুর্নামেন্ট চলাকালীন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন জামিলুর রহমান জামিল। মাঠে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলগুলোর কোচ ও ক্রিকেটাররা।





