নিজস্ব প্রতিবেদক: বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাজারে ঢুকে ৭ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস এরুলিয়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কৃষি জমিতে কাজ করতে আসা দিনমজুরদের বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় প্রায় ২০ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে, এরমধ্যে বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আবদুর রহিম (৪৬)।
বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে নওগাঁর পথে বাসচালককে ঘুমঘুম অবস্থায় মনে হচ্ছিল। পাশাপাশি তিনি বাসটি অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন। তবে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় কেউ বিষয়টি গুরুত্ব দিয়ে বুঝতে পারেননি। হঠাৎ দুর্ঘটনার পর বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাসের সামনের সারির যাত্রীরাই সবচেয়ে বেশি আহত হন।

বগুড়া সদর থানার এ এস আই মোঃ শফিকুল ইসলাম জানান, শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থানরত শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই বাসের যাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠান। পুলিশ বাসটি জব্দ করেছে।





