নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া ফ্রেশ ব্র্যান্ডের ২ লিটার বোতলজাত সয়াবিন তেলের ৬৪৩ কার্টুন বগুড়ার শেরপুর উপজেলার দুটি গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন শেরপুর উপজেলার মধ্য জামুর এলাকার আব্দুস সালামের ছেলে মো. ইমরান (৩৬)। তার বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ফ্রেশ কোম্পানির ২ লিটার বোতলজাত সয়াবিন তেলের ৬৬৫ কার্টুন (প্রতি কার্টুনে ৯টি বোতল) বহনকারী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-২২০৬) মুন্সিগঞ্জের এক ডিলারের কাছে যাচ্ছিল। শুক্রবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান চালিয়ে শ্রীনগর থানার এসআই মুয়াজ্জেম হোসেন ও এএসআই হুমায়ুন ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেন। পরে কাভার্ডভ্যানের চালককেও গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারে অভিযান চালানো হয়। সেখানে প্রতাপ কুমার রায়ের গুদাম থেকে ৫৮৫ কার্টুন এবং ইমরানের বাড়ির গুদাম থেকে আরও ৫৮ কার্টুন ৪ পিস সয়াবিন তেল উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা হয় ৬৪৩ কার্টুন ৪ পিস তেল।

গুদাম মালিক প্রতাপ কুমার রায় জানান, গত বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় বাসিন্দা ইমরান তার গুদামটি ভাড়া নেন। তবে ভাড়ার আনুষ্ঠানিক চুক্তিপত্র (ডিড) তখনও সম্পন্ন হয়নি।
উদ্ধার অভিযানে শেরপুর থানার পুলিশও সহযোগিতা করে। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় শুক্রবার (১০ জুলাই) ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ১১ নম্বর হিসেবে রেকর্ড হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





