বগুড়া প্রতিনিধি: বগুড়ায় রাজশাহী বিভাগের ৭টি জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অুনষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বগুড়ায় স্থাপন করা হবে ‘বিটিভি’র আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র ও চালু করা হবে বগুড়ার কাহালুতে সম্প্রচারে না আসা বাংলাদেশ বেতার কেন্দ্রটি।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১ টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় কল্যাণ অনুদানে বগুড়ায় ২১ জন সাংবাদিক এবং বৃত্তি ও স্টাইপেণ্ড দেয়া হয় ৩৭জন মেধাবী সন্তানকে। রাজশাহী জেলার ৫জন সাংবাদিকসহ মেধাবী সন্তান ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন সাংবাদিক, জয়পুরহাট জেলা থেকে ১৫ জন সাংবাদিক ও ৩ জন রয়েছে মেধাবী সন্তান, পাবনায় একজন সাংবাদিকসহ ২ জন মেধাবী সন্তান এবং নওগাঁর ২ জন সাংবাদিক অনুদান পেলেও ছিলনা নাটোর জেলার কোন সাংবাদিক ও সংবাদিকদের মেধাবী সন্তানরা।
আর্থিক এ সহায়তায় ৩য় কিস্তিতে মোট ৪৩৩ জনকে ২ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা অনুদান হিসেবে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “গত ১৭ বছরে বগুড়াকে যেভাবে বঞ্চিত করা হয়েছে তার সবকিছু ফিরিয়ে দেয়া হবে। গণমাধ্যমকর্মীরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তার সে অধিকার ফিরিয়ে দেয়া হবে। সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার বলে জানান তিনি। এছাড়াও বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র স্থাপনে বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি খুব দ্রুতই বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে।”
তিনি আরও বলেন, “বগুড়ায় একটি বেতার কেন্দ্র বহু বছর অবহেলিত অবস্থায় পড়ে আছে। এই বেতার কেন্দ্রটি দ্রুত সংস্কার করে সম্প্রচার শুরু করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে এ অঞ্চলের সাংবাদিকদের”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রির অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ায় সাংবাদিকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করা হবে। উত্তরাঞ্চলের সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হবে। যাতে এ অঞ্চলের সাংবাদিকরা নানা ধরনের প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করতে পারে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আবদুল বাছির (বাছির জামাল) ও সদস্য আবুল কালাম আজাদ। এছাড়াও বগুড়ার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।





