বগুড়া সদর-৬ আসনে প্রথমবার প্রার্থী তারেক রহমান

বগুড়া প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় দ্বিতীয়বারের মত প্রার্থী মনোনীত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে বগুড়া সদর-৬ আসনে এই প্রথমবার তিনি প্রার্থী হলেন। এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে তিনি প্রথমবার নির্বাচন করেন। তবে এবার বগুড়া সদর-৬ আসনে তারেক রহমান ও (গাবতলী-শাজাহানপুর) বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া প্রার্থী মনোনীত হয়েছেন। 

বগুড়ার মোট ৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির পক্ষ থেকে ৬টি আসনে প্রার্থী বাছাই করে ঘোষণা করেন। বগুড়ার শিবগঞ্জ-২ আসনে এখনো কোন প্রার্থী দেননি দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 

আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা চূড়ান্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণায় জানাগেছে, বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনি-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ও বগুড়া-৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা দৈনিক খবরের কাগজকে জানিয়েছেন, বগুড়ায় সদর-৬ আসনে বেগম খালেদা জিয়া ১৯৯৬ সাল থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার এ আসন থেকে নির্বাচন করে জয়ী হন। আর এইবার প্রথম তারেক রহমান বগুড়া সদর-৬ আসনে প্রার্থী হলেন।  তিনি আরও বলেন, তারেক রহমান প্রার্থী হওয়ায় বগুড়া সদর আসনের সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ পেয়েছেন একই সাথে বিএনপির সকল কর্মী ও অংগসংগঠন এক সাথে কাজ করবেন। এছাড়াও বগুড়ার সবগুলো আসনে বিএনপির প্রার্থী এবার জয়ী হবেন বলেও প্রত্যাশা করেন মোঃ রেজাউল করিম বাদশা।