বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের পুকুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের পুকুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কম্পিউটার ইঞ্জিনিয়ার হাসিন রায়হান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে শাজাহানপুর উপজেলার মাঝিড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

জানাগেছে, নিহত হাসিন রায়হান সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকার তৌফিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন তারা বগুড়া পৌরসভার অভিজাত এলাকা জলেশ্বরীতলার নূর মসজিদের পাশে কৌহিনুর টাওয়ার বসবাস করেন।

গত তিনদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যার সময় সৌমিক নিজ বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হলে সে আর বাড়ি ফেরে আসেনি। অনেকবার চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পায় পরিবারের লোকজন। বিভিন্ন আত্নীয়-স্বজনদের কাছে খোঁজ নিলেও তার কোন সন্ধান দিতে পারেনি কেউ। এ অবস্থায় পরদিন শুক্রবার সকালে বগুড়া সদর থানায় নিখোঁজ অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন সৌমিকের বাবা তৌফিকুর রহমান। তিন দিন আগে নিখোঁজ হওয়া সৌমিকের মরদেহের হঠাৎ সন্ধান মিলে ক্যান্টমেন্টের পুকুর থেকে।

বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, সকালে সোয়া ৯টার দিকে মাঝিরা সেনানিবাসের স্টেশন বোর্ড ক্লাবের ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন লেকের পূর্ব পাশে পানিতে ভাসমান অবস্থায় হাসিন রায়হান সৌমিকের মরদেহ দেখতে পেয়ে প্রথমে সেনাসরণীর এমপি গেইটে দায়িত্বরত সেনাবাহিনীকে জানায় স্থানীয়রা। পরে সেনা সদস্যরা থানায় অবহিত করলে পুলিশ পানি থেকে মরদেহ তুলে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে মরদেহের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *