বগুড়ায় গাঁজাসহ আটক ২

বগুড়া প্রতিনিধি: বগুড়া মহানগরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) মহানগরের স্টেশন রোডে স্বপ্নপুরী হোটেলের সামনে এবং সেউজগাড়ী আমতলা মোড়ে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়া উপজেলার পলিপাড়া এলাকার মো. ফারুকের ছেলে মো. জিহাদ (২৪) এবং বগুড়া মহানগরের বাবুরবাড়ী এলাকার মো. মজনুর ছেলে মো. আপেল (২৫)।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে মোট ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মো. জিহাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অন্যদিকে মো. আপেলকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।