নিজস্ব প্রতিবেদক: নাটোরের চলন বিল এলাকায় ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে সিংড়া উপজেলার বিস্তীর্ণ মাঠে আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। অনেক জমির ধান আবার বৃষ্টির পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের ভাষ্য, চলতি মৌসুমে ধান চাষে খরচ আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। সেচের জন্য সময়মতো ডিজেল না পাওয়ায় অনেক জমিতে ঠিক সময়ে পানি দেওয়া সম্ভব হয়নি। এতে ধানের উৎপাদন নিয়েও আগে থেকেই শঙ্কা ছিল। এর মধ্যেই টানা বৃষ্টি ও ঝড়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে দাঁড়িয়েছে।

কৃষক রহমান জানান, “এ বছর ধান চাষ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। সময়মতো ডিজেল পাওয়া যায়নি। ঠিক সময়ে সেচ দিতে পারিনি। এখন আবার বৃষ্টিতে আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। অনেক জায়গা থেকে ঘোড়ার গাড়ি দিয়ে কষ্ট করে ধান আনতে হচ্ছে।”
চলন বিল এলাকার বিভিন্ন মাঠে দেখা গেছে, পানিতে ডুবে থাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। কোথাও কোথাও শ্রমিক সংকটও দেখা দিয়েছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা বলছেন, টানা বর্ষণ ও ঝড়ের কারণে নুয়ে পড়া ধান দ্রুত কেটে ঘরে তুলতে না পারলে ফলন ও ধানের মান-দুইই ক্ষতিগ্রস্ত হবে।





