১৯ বছর পর নিজ পিতৃভূমিতে আবেগাপ্লুত তারেক রহমান

রিজভী হক : ১৯ বছর পর নিজ জন্মভূমি বগুড়ায় ফিরে স্মুতিচারণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সোয়া ১২ টার দিকে বগুড়ার ঐতিহাসিক আলতাফুনেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বহু বছর পর বগুড়াবাসীর সামনে আবেগ রাখতে পারেননি তারেক রহমান। এ সময় বগুড়াবাসির উদ্দেশ্যে বিগত সময়ের নানা ধরনের কথা বলেন।

তিনি বলেন, ১৯ বছর আগে যখন দেশে ছিলাম, তখন বগুড়ার মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের চেষ্টা করেছিলাম। কিন্তু গত ১৪ বছরে বগুড়ার মানুষের পাশাপাশি সারাদেশের মানুষ নানাভাবে পিছিয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বনানী-মাটিডালি সড়ক প্রশস্তকরণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ স্থাপন, গ্যাস সংযোগসহ আরও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করেছিলাম।

তিনি বলেন, বগুড়ায় বসে সারাদেশের কল্যাণে কথা চিন্তা করতাম। বগুড়াকে সময় একটি মডেল জেলা হিসেবে চিন্তা করতাম।

তারেক রহমানের এ জনসভায় সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নারী ও পুরুষ আসতে শুরু করে। রাজশাহী ও নওগাঁয় জনসভা শেষে বগুড়ায় এসে ভাষণ শেষ করেন রাত পৌণে ১টার দিকে।

এ সময় শহরের রাস্তায় ব্যাপক মানুষের ভীড় দেখা গেছে।

আজ শুক্রবার সকালে তিনি মহাস্থান মাজারে যাবেন এবং সেখান থেকে রংপুর শহরে জনসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে।