বগুড়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর- ৬ আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন উত্তোলন করেছেন দলটির জেলার শীর্ষ নেতারা।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান কাছ থেকে বগুড়া-৬ আসনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়ন নেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অন্যদিকে, দুপুর ২টার দিকে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বগুড়া ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন নেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। দুটি মনোনয়নপত্র সংগ্রহের সময় বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি সাইফুল ইসলামসহ দলীয় নেতা কর্মীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, আজ বগুড়া সদর- ৬ আসন থেকে প্রিয় নেতা তারেক রহমানের নামে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় আসবেন। বগুড়াবাসিও অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে সাদরে গ্রহণ করবেন। এছাড়াও দীর্ঘ ১৭-১৮ বছর তিনি দেশে না থাকায় মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানাবেন। বগুড়াবাসীও আরও বেশি অপেক্ষায় আছে কারণ তিনি বগুড়ার সন্তান তিনি আসবেন এখানকার মানুষের সাথে কথা বলবেন এবং নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করবেন।
এ দিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু জানান, বগুড়া- ৭ আসনের পক্ষে থেকে বেগম জিয়ার মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর জমা দিতে হবে। বেগম জিয়ার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চলছে আশা করছি সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন জনগণ। তিনি আরও বলেন, মনোনয়ন পত্র সংগ্রহের সময় বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।





