বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ তিন পরিবারকে সহায়তা দেন ‘আমরা বিএনপি পরিবার’

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া তিনটি পরিবারে আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার নামে সংগঠন। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আতিকুর রহমান রুমন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের নারী ও পুরুষদের সাথে কথা বলেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেনসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্থ মোফাজ্জল হোসেন জানান, “ রাতে রাইচকুকার থেকে হঠাৎ করে ঘরে আগুন লাগায় পরিবারের সবাই ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু ঘরের কোন জিনিসপত্র বের করতে পারেনি।”

আরেক পরিবারের সদস্য মিনার হোসেন বলেন, “প্রথমে মোফাজ্জল হোসেনের বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সেই আগুন আরও দুই বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সাভিস পরে ঘটনাস্থলে আসলেও ততক্ষণে আমাদের তিনটি পরিবারের সবকিছু পুড়ে যায়।”  

অন্যদিকে আর্থিক সহায়তা পেয়ে মামুনুর রশিদ বলেন, “আগুনে পুড়ে যাওয়া বাড়ি-ঘর আবারও নতুন করে তৈরি করতে পারবো। শরীরের পোশাক ছাড়া ঘর থেকে আর কোন কিছুই নিতে পারেনি।”

এছাড়াও সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে বিভিন্ন স্থানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির দুইশ চারা গাছ রোপন করেন সংগঠনের সদস্যরা। 

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, মোঃ হাসনাইন নাহিয়ান সজিব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন।

গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছিল।