বগুড়া-৬ উপনির্বাচনে ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে (পোস্টাল ব্যালট ব্যতীত)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগুড়া -৬ (সদর) আসনের ১৫০টি কেন্দ্রে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর বাড়তে থাকে। দুপুর ২টা পর্যন্ত এই আসনে ভোটের হার ছিল ২৯ দশমিক ৬৭ শতাংশ। সেই তুলনায় শেষ আড়াই ঘণ্টায় ভোটারদের উপস্থিতি তুলনামূলক বৃদ্ধি পেয়েছিল।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. জায়েদ ইবনে আবুল ফজল স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনী এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি র‍্যাব, বিজিবি এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী নিয়োজিত ছিল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক টহল দিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে এখন ভোট গণনার কাজ চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডাকযোগে আসা পোস্টাল ব্যালটগুলো গণনায় যুক্ত হলে চূড়ান্ত ভোটের হার সামান্য পরিবর্তন হতে পারে।