বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা, আহত আরও একজন

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া শহরে পারভেজ আলী নামে এক দিনমজুর যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আতিকুল ইসালম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ৮ টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়ায় এঘটনা ঘটে।

নিহত পারভেজ (২৫) মালতিনগর নতুন পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রীর সহকারি। আহত আতিকুল ইসলাম (২৪) একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, একই এলাকার কিছু যুবকের সাথে রোববার বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে। এসময় পারভেজকে বাঁচাতে গেলে আতিকুলকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন।

বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় দুই গ্রুপের মধ্যেকার বিরোধকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *