নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ ইমরান (৩০) কে ঢাকা আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি শুভ ইমরানকে গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশুলিয়া থেকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) তোফাজ্জল হোসেন।

গ্রেফতারকৃত ইমরান বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর নতুনপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। থানা রেকর্ড অনুযায়ী, তিনি ২০২৪ সালে শেরপুর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার আসামি। এছাড়াও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও চারটি গুরুত্বপূর্ণ মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দিন বলেন, শুভ ইমরান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত অধিকাংশ মামলাই রাজনৈতিক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





