বগুড়া প্রতিনিধিঃ দিনাজপুর থেকে ঢাকায় পৌছে দেয়ার নামে আত্মসাৎ করা ট্রাক ভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। একই সাথে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাতে সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা গ্রামে আজাদ বাবুল ওয়ার্কশপের সামনে এ অভিযান চালায়।

শনিবার সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম সোনারপাড়ার হারেজ ড্রাইভারের ছেলে ট্রাক চালক আবদুর রশিদ (৫২), একই উপজেলার কৈগাড়ীর শাহজাহান আলীর ছেলে ট্রাক হেলপার সোহেল রানা (৩১) ও শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামের হবিবর কসাইয়ের ছেলে মোঃ রঞ্জু (৩১)।

বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি)অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, দিনাজপুরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন গত ২২ আগস্ট সদর থানায় লিখিত অভিযোগ করেন যে, উল্লিখিত আসামিরা গত ১৯ আগস্ট দিনাজপুরের হিলি থেকে ৫৭৭ বস্তা ‘সম্পা কাটারী চাল’ ট্রাকে ঢাকার আশুলিয়ার কাটগড় এলাকায় রুবেল এন্টারপ্রাইজে পৌঁছে দেয়ার নামে সাড়ে ১৭ হাজার টাকা ভাড়া চুক্তি করেন। ১৫ মেট্রিক টন চালের মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। চুক্তি অনুসারে তারা গত ২০ আগস্ট রাত ৯টার দিকে চাল ভর্তি ট্রাক নিয়ে রওনা দেন। কিন্তু তারা চালগুলো গন্তব্যে পৌঁছে না দিয়ে বগুড়া সদর থানা এলাকায় অজ্ঞাত স্থানে আত্মগোপন করেন।

বগুড়া ডিবি পুলিশ মামলাটি তদন্ত শুরু করে শুক্রবার রাতে একটি চৌকশ দল তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্ধা গ্রামে আজাদ বাবলু ওয়ার্কশপের সামনে থেকে ট্রাকসহ ওই তিনজনকে গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাজত থেকে আত্মসাত করা উল্লিখিত ৫৭৭ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সত্যতা স্বীকার করেছে। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে বিভিন্ন মালামাল পরিবহনের চুক্তি নিয়ে আত্মসাৎ করছিলেন বলেও তারা পুলিশকে জানায়।

আসামিদের মধ্যে রঞ্জুর বিরুদ্ধে ছয়টি, আবদুর রশিদের বিরুদ্ধে একটি ও সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতার তিন আসামিকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।





